রুহুল আমিন,স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ উপজেলা পরিদর্শন করেছেন জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি একাধিক কর্মসূচিতে অংশ নেন।
পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক কিশোরগঞ্জ উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন। পরে সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ করেন।
এ সময় ‘প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ২০২৬’ কর্মসূচিতে অংশ নিয়ে শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২-এর কেস ম্যানেজমেন্ট কার্যক্রমের আওতাভুক্ত শিশুদের পরিবারের মধ্যে ফ্যামিলি কিট বিতরণ করেন তিনি।
পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘রোধ করি ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ’ প্রতিপাদ্যে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন জেলা প্রশাসক। উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘ছায়াবিথী’ বাগানের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম ও শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রীও বিতরণ করা হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিশুদের সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একটি মানবিক, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ সমাজ গঠনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।


