নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এর মধ্যে বসতবাড়ির উঠানে লাকড়ির নিচে মাটির গর্তে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯ বোতল হুইস্কিসহ আয়েশা খাতুন নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চকলেঙ্গুরা ও বিরিশিরি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৬টার দিকে দুর্গাপুর থানা পুলিশের একটি দল ২নং দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামে অভিযান চালায়। থানার এসআই মো. ফিরোজ আল মামুনের নেতৃত্বে চালানো অভিযানে মৃত আজীম উদ্দিনের স্ত্রী আয়েশা খাতুনের বসতবাড়িতে তল্লাশি করা হয়।
একপর্যায়ে বাড়ির উঠানের পূর্ব পাশে স্তূপ করে রাখা লাকড়ির নিচে পুলিশের সন্দেহ হলে সেখানে মাটি খোঁড়া হয়। গর্তের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় ১৯ বোতল ‘ম্যাকডওয়েলস’ ব্র্যান্ডের মদ (প্রতিটি পৌনে এক লিটার) উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৫৭ হাজার টাকা। এ সময় নারী পুলিশ সদস্যের সহায়তায় অভিযুক্ত আয়েশা খাতুনকে আটক করা হয়।
এদিকে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের অপর একটি এলাকায় দ্বিতীয় অভিযানটি চালায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ছয় বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
দুর্গাপুর থানার ওসি বলেন, মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিনব কায়দায় মাটি খুঁড়ে মদ লুকিয়ে রাখার পরও পুলিশের সতর্কতায় তা উদ্ধার করা সম্ভব হয়েছে। আটক নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


