ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীতে মোটরসাইকেল ও গরু বোঝাই নসিমন মুখোমুখি সংঘর্ষে শাহজাহান মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই আরোহী আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) ডোমার-জলঢাকা সড়কের তিনবট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহজাহান মিয়া ডিমলা উপজেলার রামডাঙ্গা এলাকার সাইদুল ইসলামের ছেলে।
আহতদের মধ্যে লোকমান হোসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গরু ভর্তি একটি নসিমন ডোমার অভিমুখে যাচ্ছিল তিনবট বাজারে পৌঁছালে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক শাহজাহান মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং তার সঙ্গে থাকা অপর দুই আরোহী আহত হন। নসিমনটি মোটরসাইকেলের ওপর উল্টে পড়লে তিনজনই এর নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহজাহান ইসলামকে মৃত ঘোষণা করেন। জানা যায়, নিহত শাহজাহান এবার এসএসসি পাস করেছে। কিছুদিনের মধ্যে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।
বাবা-মা সন্তানকে হারিয়ে পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। দুর্ঘটনার পর নসিমনটি আটক করা হলেও চালক পালিয়ে যান। ডোমার থানার এসআই কাওছার আলম বলেন, দুর্ঘটনায় শাহজাহান ইসলামের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


