কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের হামহাম জলপ্রপাত থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে নিরাপদে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের এক যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত দেখতে মৌলভীবাজারের কমলগঞ্জে আসে। তারা বন ও পাহাড়ি পথ ধরে জলপ্রপাতের উদ্দেশ্যে রওনা হন। পথে দুর্গম পাহাড়ি রাস্তায় পা পিছলে পড়ে তানভীর আহমেদ অনিক নামে এক শিক্ষার্থী হাতে গুরুতর আঘাত পান। বনাঞ্চলের রাস্তা অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় আহত সহযাত্রীকে নিয়ে হেঁটে ফিরে আসা অসম্ভব হয়ে পড়ে।
ফলে পুরো দলটি বনের ভেতরে আটকা পড়ে। কোনো উপায় না পেয়ে বিকেল ৩টার দিকে ৯৯৯ নম্বরে কল করে উদ্ধার সহায়তা চায় পর্যটক দলটি।খবর পাওয়ার সাথে সাথেই কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল স্থানীয় পথপ্রদর্শক ও অধিবাসীদের সঙ্গে নিয়ে অভিযানে নামে।
যৌথ উদ্ধারকারী টিম অত্যন্ত নিখুঁত ও দ্রুত দক্ষতার সাথে অনুসন্ধান চালিয়ে বিকেল পৌনে ৫টায় বনের ভেতর থেকে আটকে পড়া সব পর্যটককে উদ্ধার করে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পরপরই আমরা ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করি। দুর্গম পাহাড়ি পথ হওয়া সত্ত্বেও সমন্বিত প্রচেষ্টায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত পর্যটককে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
শ্রীমঙ্গল ট্যুরিষ্ট পুলিশের অফিসার ইনচার্জ মো.কামরুল ইসলাম বলেন, ১০জন ট্যুরিষ্টকে আমরা যৌথ উদ্যোগে উদ্ধার করি। তারমধ্যে একজন আহত হয়েছেন। তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক দেওয়া হয়,পরে সবকিছু শেষে তারা নিজ গন্তব্যে রওনা দেন। কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ফয়েজ আহমদ বলেন, হামহাম জলপ্রপাতের পথ অত্যন্ত দুর্গম ও পিচ্ছিল। তাই পর্যটকদের অবশ্যই পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রয়োজনে স্থানীয় গাইডের সহায়তা নিয়ে ভ্রমণ করা উচিত।


