জাকারিয়া তুষার: নেত্রকোনার মোহনগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে সদ্য গঠিত মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ। হাওরাঞ্চলের সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে মোহনগঞ্জ সরকারি কলেজে অনার্স পরীক্ষার কেন্দ্র চালু, মাদকমুক্ত শিক্ষাঙ্গন তৈরি এবং মোহনগঞ্জকে উন্নত শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির নেতারা।
রবিবার (১৯ জুলাই) রাত আটটায় মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আলতাব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদ্য গঠিত মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমূছ সাদী চৌধুরী অপু।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব বলেন, ‘নবগঠিত মোহনগঞ্জ উপজেলা ছাত্রদল এই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করতে চায়। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করতে আমাদের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত। মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব একটি সমাজ গঠনে আমরা ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করছি।’
তিনি আরও বলেন, ‘অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা নিশ্চিত করতে স্কুল-কলেজের শিক্ষা তহবিলের অর্থ যেন সঠিকভাবে ব্যবহৃত হয়, সেদিকে আমাদের নজর রয়েছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং অচিরেই তা কার্যকর হবে।’
সাধারণ শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে, প্রতিটি বিদ্যালয়ে সেই পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ছাত্রদলের কার্যক্রমে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ কামনা করেন তিনি। সাংবাদিকদের পাশে নিয়ে মোহনগঞ্জকে উন্নত শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমূছ সাদী চৌধুরী অপু বলেন, ‘হাওরাঞ্চলের সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে মোহনগঞ্জ সরকারি কলেজে অনার্স পরীক্ষার কেন্দ্র চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে এখানকার শিক্ষার্থীদের নেত্রকোনা সদরে গিয়ে অনার্স পরীক্ষায় অংশ নিতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য। এ বিষয়ে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। মোহনগঞ্জ সরকারি কলেজে এই কেন্দ্র চালু হলে অত্র অঞ্চলের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপকৃত হবে।’
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মোহনগঞ্জ উপজেলা ছাত্রদল এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর। আপনারা আপনাদের বস্তুনিষ্ঠ পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের দিয়ে এলাকার জন্য ভালো কাজ করিয়ে নেবেন।’
সভায় ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মানব গোস্বামী, যুগ্ম-সম্পাদক যুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক কিরন খাঁ, প্রচার সম্পাদক মো. সৌরভ খান এবং দপ্তর সম্পাদক রিয়াজ রহমান।
মতবিনিময় অনুষ্ঠানে মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলে- সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক, যুগ্ম-সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ সুশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জি এম জাকারিয়া তুষার, সম্মানিত সদস্য মো. জায়েদ হাসান, প্রচার সম্পাদক মোজাহিদ হোসেন, প্রযুক্তি সম্পাদক জিয়ান এবং আজিজুল ইসলাম প্রমুখ।


