দুর্নীতিমুক্ত সোনার বাংলা গঠনে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার করেছেন ঝালকাঠির একঝাঁক স্বেচ্ছাসেবক। তাঁদের মতে, কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই স্থানীয় সেবাখাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করে দুর্নীতি প্রতিরোধ সম্ভব।
শুক্রবার (১৭ জুলাই) ঝালকাঠি সরকারি কলেজ মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝালকাঠির আয়োজনে দিনব্যাপী স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) প্রায় দেড় শতাধিক সদস্য অংশ নেন।

সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্তের সভাপতিত্বে এবং সনাক সদস্য শিমুল সুলতানা হেপী ও ঈসমাইল হোসাঈনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. ফিরোজউদ্দিন, সনাকের সহসভাপতি রাবেয়া বেগম, গৌতম চন্দ্র বণিক, মো. নজরুল ইসলাম তালুকদারসহ ইয়েস ও এসিজির সদস্যরা।
সভায় কাজী শফিকুর রহমান বলেন, দুর্নীতিবিরোধী আন্দোলনের পথ সহজ নয়। সমাজের ক্ষমতাধর ও প্রভাবশালীদের বিরুদ্ধে তথ্য ও যুক্তিনির্ভর অবস্থান নিতে হলে আগে নিজেকে সৎ ও শুদ্ধ হতে হবে। তিনি বলেন, দুর্নীতির কারণে মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার বাস্তবতা দূর করতে তরুণদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে এবং স্থানীয় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামাজিক আন্দোলনকে শক্তিশালী করতে হবে।
সভায় ২০২২ সাল থেকে বাস্তবায়িত ‘প্যাকটা’ প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ খাতে পরিচালিত নাগরিক উদ্যোগের অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ ও উত্তরণের কৌশল তুলে ধরেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান। পরে ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. ফিরোজউদ্দিনের পরিচালনায় অংশগ্রহণকারীরা দুর্নীতি প্রতিরোধে নিজেদের অভিজ্ঞতা, উদ্যোগ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে সনাক সদস্য ইসমাঈল হোসাঈনের পরিচালনায় অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনের শপথ নেন। তাঁরা স্থানীয় সেবাখাতে শুদ্ধাচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী নাটিকা, গান, কৌতুক ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।
সভাপতির বক্তব্যে সত্যবান সেন গুপ্ত দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ এবং সেবাখাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তরুণদের অগ্রাধিকার ভিত্তিতে সম্পৃক্ত করার বিকল্প নেই। সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও বিস্তৃত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।


