শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
শিক্ষা ও জ্ঞান কীভাবে একটি সমাজের দীর্ঘমেয়াদী উন্নয়ন ঘটাতে পারে, সেই জীবনমুখী বার্তা নিয়ে মঞ্চস্থ হলো নাটক ‘একশ বস্তা চাল’ (One Hundred Sacks of Rice)। গতকাল ১৫ জুলাই, ২০২৬, সন্ধ্যা ৭টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে নাটকটি প্রদর্শিত হয়।
জাপানি লেখক ইয়ুজো ইয়ামাতোর রচনার এই নাটকটির অনুবাদ করেছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সেলিম এবং নির্দেশনা দিয়েছেন মো. শাহিন আলম। নাটকটির মূল প্রেক্ষাপট গড়ে উঠেছে তোরাসাবুরো নামক এক দূরদর্শী চরিত্রের চারপাশে, যিনি ক্ষুধার্ত মানুষকে কেবল খাদ্য দিয়ে সাহায্য না করে বরং একটি স্কুল প্রতিষ্ঠায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
নাটকের বার্তা অনুযায়ী, বর্তমানের বিলাসিতা ত্যাগ করে শিক্ষার পেছনে বিনিয়োগ করাই টেকসই সামাজিক উন্নয়নের মূল চাবিকাঠি। নাটকটির মঞ্চায়নে উপস্থিত ছিলেন অনুবাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সেলিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরিফ হায়দার, কোর্স তত্ত্বাবধায়ক মাজহারুল হোসেন বাঁধন তোকদার, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইসমতারা ভূঁইয়া ইলা এবং বিভাগের শিক্ষক ড. কামাল উদ্দীন, নুসরাত শারমিন তানিয়া, মেহেদি তানজির, রুদ্র সওজাল কাব্য, কৃপাময় কর কৌশিক ও চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক, কবি ও লেখক দ্রাবির সৈকত। নাটকটির প্রযোজনা ও মঞ্চায়নে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মঞ্চে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবজয় চক্রবর্তী, সানজিদা ইসলাম শ্রাবণ, উম্মে সালমা সিনথিয়া, মোল্লা আলভী মাহামুদ, সুমাইয়া আদনিন প্রমি, আব্দুল্লাহ আল হাসিব, মো. শাকিল প্রধান, মো. সামিউল ইসলাম শিশির, আব্দুল্লাহ ওমায়ের অন্তু, মো. আবির আহমেদ লিহিম, মো. ইয়াছির আরাফাত এবং তামজিদ সোরুয়াহ ল্যাব।
এছাড়া তলোয়ার নাচ (Sword Dance) পরিবেশনায় ছিলেন একদল দক্ষ শিক্ষার্থী। নাটকটির নেপথ্যে থাকা অন্যান্য কুশলী ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সফল মঞ্চায়ন সম্পন্ন হয়। এমন শিক্ষামূলক নাটক মঞ্চস্থ হওয়ায় উপস্থিত দর্শক ও সংস্কৃতিমনা মহলে ইতিবাচক সাড়া পড়েছে।


