মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার খালিশাকান্দা ইউনিয়নের নয়াপাড়া গ্রাম সংলগ্ন হাওরে মাছ ধরতে গিয়ে জয় সরকার নামে এক কিশোর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জয় সরকার নয়াপাড়া গ্রামের বাসিন্দা বিনয় সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে হাওরে মাছ ধরতে যায় জয় সরকার। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত সে নৌকা থেকে পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা এবং আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নৌকা নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলে তারাও ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জয় সরকারের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি।” এদিকে, জয় সরকারের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় শোক ও উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে। স্বজনরা দ্রুত তাকে জীবিত উদ্ধারের আশায় ঘটনাস্থলে অবস্থান করছেন।


