জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে ২১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৫৪৫ টাকা আয় এবং ১৯ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম। প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। এ সময় জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল এবং সাধারণ সম্পাদক মুকুল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত বাজেটে উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি নাগরিক সুবিধা বৃদ্ধিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে শহরব্যাপী মশক নিধন কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, নগর উন্নয়ন প্রকল্প এবং সড়কে বাতি স্থাপনের মতো জনগুরুত্বপূর্ণ খাতে বাজেটের অর্থ ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে জামালপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রস্তাবিত এই বাজেট সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করে পৌর কর্তৃপক্ষ।


