নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চুরি ও জুয়া মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৯ জুন) পুলিশ পাহারায় গ্রেপ্তারকৃতদের নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার একটি চুরির মামলায় ফতেপুর খান বাড়ি এলাকার মো. আরশ মিয়া ও মোছা. রুনা আক্তারের ছেলে মো. মেহেদীকে (২৩) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে জুয়া খেলার অপরাধে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ১৮৬৭ সনের জুয়া আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মদন উপজেলার বাগদাইর গ্রামের মৃত ইন্নছ আলী ফকিরের ছেলে শাহীন (৩০), মো. আবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩০), মৃত আফছার উদ্দিনের ছেলে ছোটন (৪২) এবং মৃত করিম উদ্দিনের ছেলে সম্রাট (৪০)।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম জানান, ‘সুনির্দিষ্ট মামলা ও অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদেরকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


