ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে বাবা ও ছেলের মধ্যে সংঘটিত গোলাগুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় অবস্থিত ‘নারিশ পোল্ট্রি ফিড মিল’-এর সামনে এ ঘটনা ঘটে। এতে বাবা গুলিবিদ্ধ হন এবং তার এক সহযোগী গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, খুকা মিয়া ও তার ছেলে তোফায়েল আহমেদ রানার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে রবিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে তা সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে ছেলে তোফায়েল আহমেদ রানা ক্ষিপ্ত হয়ে বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খুকা মিয়া গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলে উপস্থিত তার এক সহযোগীও গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ছেলের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর চালায়, ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
