নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৪) এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- জেলার বাসিন্দা রকিব মিয়া ওরফে রকি (২৪) এবং দ্বীন ইসলাম (৩৮)।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে গতকাল (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে করিমগঞ্জ থানার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর কাজলাহাটি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দেওপুর কাজলাহাটি গ্রামে কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক বিক্রির সময় হাতেনাতে রকিব ও দ্বীন ইসলামকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ১৫৬ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১১ হাজার ৯২০ টাকা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করে র্যাবের আভিযানিক দল।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকার তরুণ সমাজসহ বিভিন্ন মানুষের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
