আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরোয়ানাভুক্ত আসামি মো. সেলিম (৪৪) ওরফে ‘কুত্তা সেলিম’কে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার পারকি এলাকা থেকে আনোয়ারা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সেলিম উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের উজির আলী সওদাগরের বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মাদক ব্যবসা, জোরপূর্বক জমি দখল, চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। তিনি কর্ণফুলী ও আনোয়ারা থানায় একাধিক মাদক মামলার আসামি। বিশেষ করে কর্ণফুলী থানার মামলা নং-০২(০৬)১৬ এবং আনোয়ারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার মামলায় তিনি অভিযুক্ত।
এছাড়া পুলিশ ও ডিবির ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি জামিনে ছিলেন। অভিযোগ রয়েছে, তার ভাই মো. তোফায়েল আহম্মেদ ইমন (পুলিশ সদস্য) এবং শ্যালক মো. সাখাওয়াত হোসেন সম্রাট (সেনা সদস্য)-এর প্রশাসনিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে তিনি বারবার গ্রেপ্তার হলেও দ্রুত মুক্তি পেয়ে যেতেন এবং এলাকায় প্রভাব বিস্তার করে ত্রাসের রাজত্ব কায়েম করেন। এ কারণে সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না বলে স্থানীয়দের অভিযোগ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। দীর্ঘদিন পর তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা করছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষী প্রমাণিত হলে তার শাস্তি নিশ্চিত হবে এবং এলাকায় শান্তি ফিরে আসবে। সে যেন সহজে জামিন না পায় সেদিকে রাখতে হবে।
