জামালপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি প্রথম বিনম্র শ্রদ্ধা জানান জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক উপস্থিত ছিলেন।
এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সিভিল সার্জনের কার্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামালপুর জেলা প্রেসক্লাব, সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। ফুলেল শ্রদ্ধায় ৭১-এর বীর শহীদদের স্মরণ করেন সাধারণ মানুষও।
সকাল ৮টায় শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে চমৎকার শারীরিক কসরত প্রদর্শন করে।
দিবসটি উপলক্ষ্যে দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা মুক্তিযুদ্ধের তাৎপর্য ও বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
এছাড়াও দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- সরকারি শিশু পরিবার (এতিমখানা) ও জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন। দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সব মিলিয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জামালপুরবাসী দিনটি উদযাপন করেছে।
