নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘শ্যামল ছায়া’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা ও ৮৭০ পিস ইয়াবাসহ নারীসহ দুজন মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লাখ ৮১ হাজার টাকা।
গ্রেফতারকৃত মাদককারবারিরা হলেন- রবিউল হাসান (২২) ও সাজমনি আক্তার (২৫)। তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। মাদকের পাশাপাশি তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ছয় হাজার টাকা এবং ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে র্যাব-১৪ এর মিডিয়া অফিসার (সিনিয়ার সহকার পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ থানাধীন সাধুর গোলা এলাকায় পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে সিপিএসসি, র্যাব-১৪ এর একটি আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন হিসেবে ‘শ্যামল ছায়া’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে রবিউল ও সাজমনিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে আটক রবিউলের দেওয়া তথ্য মতে বাসের যাত্রীদের মালামাল রাখার বক্স থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অন্যদিকে, নারী আসামি সাজমনি আক্তারের দেহ তল্লাশি করে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃতদের মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
