শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দায় এসএসসি ২০০১ ব্যাচের অকাল প্রয়াত দুই বন্ধু ইমরান হাসান (আপেল) ও এমরান হাসান (বাবু)-এর স্মরণে এক আবেগঘন স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিকেলে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২০০১ ব্যাচের ‘বন্ধু মহল’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রয়াত দুই বন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত সহপাঠীরা। এ সময় বক্তারা তাদের বন্ধুসুলভ আচরণ, মানবিক গুণাবলি এবং ছাত্রজীবনের নানা সোনালি স্মৃতি তুলে ধরেন।
জানা গেছে, ইমরান হাসান (আপেল) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ২ মে ভারতে ইন্তেকাল করেন। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
অন্যদিকে, আরেক বন্ধু এমরান হাসান (বাবু) ২০২২ সালের ৮ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান। তিনি কলমাকান্দা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
এ স্মরণসভা ও ইফতার মাহফিলে এসএসসি ২০০১ ব্যাচের সহপাঠীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমদের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সকলে একসঙ্গে ইফতারে অংশ নেন।
