নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অভিযান চালিয়ে একশো পিস ইয়াবাসহ রানা মিয়া (৩৩) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত ১০ গ্রাম ওজনের ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
গ্রেফতারকৃত রানা মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার শরিশ্যাম গ্রামের মদিন মিয়ার ছেলে এবং তার নামে বিভিন্ন থানায় দুইটি মাদক মামলাসহ ছয়টি মামলা রয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলামের সাথে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এরআগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার সিংধা ইউনিয়নের কাকুড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বারহাট্টা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল ডিউটিতে ছিল। রাত সাড়ে ১১টার দিকে তারা সিংধা চৌরাস্তা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদ পান, কাকুড়া বাজারস্থ আব্দুল মোত্তালিবের চায়ের দোকানের সামনের পাকা রাস্তায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে রাত ১২টা ১০ মিনিটে পুলিশের দলটি ওই স্থানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রানা মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে ধরে ফেলে পুলিশ। এ সময় তার পরিহিত জ্যাকেটের ডান পাশের বুক পকেট থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিথিনে রাখা একশো পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের উৎস ও চক্র সম্পর্কে বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে তা প্রকাশ করা যাচ্ছে না। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজই (শুক্রবার) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
