নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় মশার কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর (বাংলো ঘর) ও গোয়ালঘর পুড়ে গেছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক পদক্ষেপে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কেবল একটি গরু সামান্য আহত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশাসনের এই দুজনের সাথে কথা বলে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এরআগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের তারাচাপুর গ্রামের রোহান মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই রোহান মিয়ার বাংলা বসতঘরটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে থাকে। এ সময় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল এবং গোয়ালঘরে রাখা লাকড়ি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি, তবে একটি গরু সামান্য আহত হয়েছে।
আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ্নূর রহমান জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কী ধরনের সহায়তা বা পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, তা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এলাকাবাসীর দ্রুত পদক্ষেপের কারণেই আগুন আরও বড় আকার ধারণ করতে পারেনি বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। প্রশাসন বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
