জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের বিরুদ্ধে প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের নিয়ে প্রচারণা ও জামায়াত প্রার্থীর লোকজনকে হুমকির অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারস্থ মণ্ডল মোড়ে ১১ দলীয় জোট প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী অ্যাড. আব্দুল আওয়াল এতে লিখিত বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ফতেহ লোহানী, পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানা, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সামস উদ্দিনসহ চিহ্নিত আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রার্থী প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন।
এতে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিধায় তাদের আটক না করলে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নাই। তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার প্রচারণায় বাঁধা, ঋষিপল্লীতে সমাবেশ করায় হিন্দু ধর্মাবলম্বীকে মারধর, জামায়াত কর্মী ও এজেন্টদের মোবাইলে এবং বাড়ি বাড়ি গিয়ে ১৩ তারিখ থেকে বাড়িছাড়া, চামড়া তুলে নেওয়া, হাত-পা ভাঙাসহ নানা হুমকিধামকি দেওয়া হচ্ছে।
আদ্রা বাজারে বিএনপি প্রার্থীর সরাসরি নির্দেশে দাঁড়িপাল্লার নির্বাচনি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন স্থানে অফিস নিতে বাধা দেওয়া হচ্ছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ধরে জামায়াত প্রার্থী জানান, বিএনপি রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত লোকজনকে সহকারী প্রিজাইটিং ও পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। সাধারণ কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ দেখানো হলেও বাস্তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো তালিকায় রাখা হয়নি।
আচরণবিধি লঙ্ঘনের প্রতিকার ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বারবার লিখিত অভিযোগ দেওয়া হলেও কাঙ্খিত প্রতিকার মিলছে না বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাড. আছিমুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও. মুহাম্মদ মনির উদ্দীন, উপজেলা শূরা সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ প্রমুখ।
