মনিরুজ্জামান খান গাইবান্ধা:
গাইবান্ধা জেলা রেলওয়ে স্টেশন যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রেলওয়ের লোহার বাউন্ডারি (ফেনসিং) দেয় রেল কতৃপক্ষ। সেই বাউন্ডারি রাতের বেলায় কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রেলওয়ের নিরাপত্তা কর্মীদের দায়িত্ব নিয়ে জনমনে প্রশ্ন জন্ম নিয়েছে। স্থানীয় লোকজন জানান, সোমবার রাতে গাইবান্ধা ১নং রেলগেটের সামান্য উত্তরে এবং রেল স্টেশনের প্রায় ২শ গজ দক্ষিণে গ্রিলের বাউন্ডারির (ফেনসিং) প্রায় ৬ ফিট কে বা কারা কেটে নিয়ে গেছে।
রেলওয়ের নিয়মিত নিরাপত্তা বাহিনী থাকলেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটানোর সাহস পেয়েছে। রেলওয়ের বাউন্ডারি কেটে নেয়ায় অরক্ষিত হয়ে পড়েছে গাইবান্ধা রেলওয়ে স্টেশন। এরফলে যাত্রী ও চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে । স্থানীয় সাখোয়াত মিয়া বলেন, নিরাপত্তা কর্মীরা রেলের নিরাপত্তা দেয়ার চেয়ে ছোট ছোট দোকানদের কাছ থেকে চাঁদা তোলা নিয়েই বেশি ব্যস্ত।
তারা নিরাপত্তার দোহাই দিয়ে ছোট ছোট দোকানদের সবসময় চাপের মুখে রাখে। তাদের অবহেলায় বাউন্ডারি কেটে নেয়ার ঘটনা ঘটেছে। এবিষয়ে গাইবান্ধা রেলওয়ের নিরাপত্তা বাহিনী হাবিলদার আশুতোষ রায় বলেন, আমাদের লোকবল অত্যন্ত কম। মাত্র চারজন লোক দিয়ে সবকিছু সামলাতে হয়।
তবে আমরা তদন্ত করছি, দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এব্যাপারে রেলওয়ে স্টেশন মাস্টার সুমিত কুমার বলেন, আমি ঘটনা শুনে ওই এলাকা পরিদর্শন করেছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। মামলার প্রস্তুতি চলছে, কর্তৃপক্ষের নির্দেশনা পেলে মামলাটি দায়ের করা হবে।
