নিজস্ব প্রতিবেদক: হেমন্তের মিষ্টি রোদ আর পাহাড়ি জনপদের চিরচেনা উৎসবমুখর আবহে সেজেছিল নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি। সমাবেশ মঞ্চের পেছনের ব্যানারে বড় হরফে লেখা- ‘অবহেলিত শিশুর সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ’। সেই মঞ্চে দাঁড়িয়ে যিনি মাইক্রোফোন হাতে নিলেন, তার পরনে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নকশাদার হলুদ উত্তরীয় এবং মাথায় হলুদ পাগড়ি। পোশাকের এই আন্তরিকতায় শুরুতেই মিশে গিয়েছিল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল যখন কথা বলতে শুরু করলেন, তখন প্রচলিত আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে তার বক্তব্য হয়ে উঠল ব্যতিক্রমী এক মানবিক দলিল। একদিকে তিনি তুলে ধরলেন সম্প্রীতির বাংলাদেশের উজ্জ্বল ছবি, অন্যদিকে সমাজের ভেতরে বাসা বাঁধা অপ্রিয় বিভেদ ও দলাদলি নিয়ে উচ্চারণ করলেন একজন দায়িত্বশীল অভিভাবকের মতো স্পষ্ট ও অকপট হুঁশিয়ারি।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প’-এর ময়মনসিংহ ক্লাস্টার সমাবেশে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছিলেন অভিভাবক, শিশু ও সমাজের প্রতিনিধিরা। ১৬টি শিশু উন্নয়ন প্রকল্পের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার কেবল প্রশংসার চিরাচরিত পথে হাঁটেননি; বরং আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে নিজের শঙ্কা ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহজ, সাবলীল ও খোলামেলা ভাষায়।
বক্তব্যের শুরুতেই আগামীর নাগরিক অর্থাৎ শিশুদের ‘সুমানুষ’ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, শিশুদের যথাযথভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই দেশ প্রকৃত অর্থে সুন্দর হয়ে উঠবে। আর সেই দেশ গড়ার পথে ধর্ম, বর্ণ কিংবা ভৌগোলিক পরিচয়ের কোনো বিভাজন থাকতে পারে না।
বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার আগেই তারেক রহমানের ঘোষিত ‘রেইনবো স্টেট’ বা রংধনু রাষ্ট্রের ধারণাকে উপস্থিত সাধারণ মানুষের সামনে সহজ ভাষায় ব্যাখ্যা করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, “কে গারো, কে হাজং, কে হিন্দু, কে মুসলমান- সেটা বিবেচ্য বিষয় নয়। কে পাহাড়ে, কে সমতলে, কে হাওরে- তাও বিবেচ্য বিষয় নয়। কে কোন ধর্ম পালন করেন বা কার গাত্রবর্ণ কী, সেটি বড় কথা নয়; আমাদের সবার পরিচয় একটাই- আমরা সবাই বাংলাদেশী।”
কথার এ পর্যায়ে ডেপুটি স্পিকারের কণ্ঠে ফুটে ওঠে গর্ব ও আবেগের ছোঁয়া। বিরিশিরির মাটির সন্তানদের বিশ্বজয়ের গল্প শোনান তিনি। স্মৃতিচারণা করে জানান, বিদেশের মাটিতে অপ্রত্যাশিতভাবেই বিরিশিরির অনেক ছেলেমেয়ের সঙ্গে তার দেখা হয়েছে, যারা অস্ট্রেলিয়া ও আমেরিকায় নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত। বিশেষ করে অস্ট্রেলিয়ার সিডনিতে বিরিশিরির সন্তানের সাফল্যের কথা জেনে তার মন ভরে গেছে বলে উল্লেখ করেন তিনি।
শিশুদের ভবিষ্যৎ নির্মাণে মায়েদের ভূমিকার কথা বলতে গিয়ে ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত উক্তি- ‘আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব’- স্মরণ করেন ব্যারিস্টার কায়সার কামাল। সমাবেশে উপস্থিত মায়েদের উদ্দেশে তিনি বলেন, এখানে বসা অনেক মায়ের হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তবু পৃথিবীর প্রতিটি মায়ের মনেই একটি স্বপ্ন কাজ করে- তার সন্তান শিক্ষিত হবে, সুমানুষ হবে এবং সমাজে প্রতিষ্ঠিত হবে। এই স্বপ্ন পূরণে বাবা-মায়ের পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারেরাও কাজ করছেন। জাতি গঠনের মূল সূত্র তুলে ধরে তিনি বলেন, “সন্তানদের গড়ে না তোলা পর্যন্ত আমরা জাতি গঠন করতে পারব না।”
সমাবেশের আবেগঘন পরিবেশের মধ্যেই হঠাৎ ডেপুটি স্পিকারের কণ্ঠে নেমে আসে দৃঢ়তা। প্রশংসার পথ ছেড়ে তিনি হাত রাখেন সমাজের ভেতরের একটি পুরোনো ক্ষতস্থানে। বিরিশিরির ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) নিয়ে উচ্চ আদালত পর্যন্ত গড়ানো মামলা এবং অভ্যন্তরীণ দলাদলি নিয়ে চরম ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন তিনি।
স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলে তিনি বলেন, আগে তো এমন পরিস্থিতি ছিল না, তবে আজ কেন জিবিসির সম্পত্তি ও প্রতিষ্ঠানগুলোতে হাত দেওয়া যাচ্ছে না? টিচার্স ট্রেনিং একটি পক্ষের, আবার ব্লাড ব্যাংক বা ব্রড ব্যাংক আরেকটি পক্ষের- এই ভাগাভাগি কেন? কোনো রাখঢাক না রেখেই তিনি সতর্ক করে দেন, নিজেদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়ে যদি নিজের হাতেই সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করা হয়, তবে রাষ্ট্র নীরব দর্শক হয়ে বসে থাকবে না; ঐক্যবদ্ধ না হলে প্রশাসনিক ব্যবস্থা কার্যকর হবে।
সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের প্রতি ইঙ্গিত করে ডেপুটি স্পিকার বলেন, “রাজনৈতিক মতভেদ কিংবা চেয়ারের প্রতি লোভ দেশে-বিদেশে অনেকেরই থাকতে পারে। সেই লোভ তার নিজের কাছেই থাকুক। কিন্তু রাষ্ট্র ও সমাজ আমাদের সকলের।”
আগের দিন কলমাকান্দার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের সূত্র টেনে তিনি স্মরণ করিয়ে দেন, পেশাজীবী বা দায়িত্বশীল ব্যক্তি হিসেবে রাজনৈতিক মতাদর্শ প্রকাশের জায়গা হলো নির্বাচনের দিন ব্যালট বাক্স, দায়িত্বের চেয়ার নয়। কারণ, কেউ যখন একটি চেয়ারে বসেন, তখন সেটি হয়ে ওঠে সার্বজনীন; দলীয় সংকীর্ণতায় সেই চেয়ারের সার্বজনীনতা নষ্ট করা কোনোভাবেই উচিত নয়।
নিজের স্পষ্ট ও কঠোর কথাগুলো অনেকের পছন্দ নাও হতে পারে- সে কথা স্বীকার করেই ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “তারপরও বলছি আপনাদের জন্য, আপনাদের সন্তানদের জন্য। আসুন, উন্নত জাতি ও উন্নত বাংলাদেশ গড়তে আমরা একসঙ্গে কাজ করি।” তার এই আহ্বানে বিরিশিরির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে দর্শকদের স্বতঃস্ফূর্ত করতালিতে।
সেই করতালিকে ‘দেশপ্রেমের প্রকাশ’ আখ্যা দিয়ে ডেপুটি স্পিকার স্মরণ করিয়ে দেন এই অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৌরবোজ্জ্বল অতীত। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তারও আগের টঙ্ক, তেভাগা ও হাতিখেদা আন্দোলনে আদিবাসী সম্প্রদায়ের অসামান্য অবদানের কথা তুলে ধরে তিনি আক্ষেপ করে বলেন, “আপনাদের এত বড় অতীত ঐতিহ্য ও গৌরব থাকতেও কেন তা নতুন প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন না? নতুন প্রজন্ম জন্মগতভাবেই দেখছে আপনাদের মধ্যকার পার্থক্য।”
এরপরই উচ্চারিত হয় তার স্পষ্ট সতর্কবার্তা- “প্লিজ স্টপ ইট, ইউ গট টু স্টপ ইট।” মাত্র কয়েকজন মানুষের রেষারেষির কারণে শিশুদের কল্যাণমূলক উদ্দেশ্য ব্যাহত হলে ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মসূচিতে তিনি আর অংশ নেবেন না এবং প্রশাসনকেও বিষয়টি অবহিত করবেন বলে সাফ জানিয়ে দেন।
বিরিশিরি লোকাল সেন্টার কমিটি (এলসিসি, বিডি-৪০২ প্রকল্প)-এর সভাপতি স্টিফেন আশীষ রেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের শেষ মুহূর্তে ডেপুটি স্পিকারের কণ্ঠে ফিরে আসে বিনয়। তার স্পষ্টভাষী বক্তব্যে কোনো নেতা কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “দয়া করে কষ্ট নেবেন না। বাচ্চাদের স্বার্থে আপনারা এক হয়ে কাজ করুন।”
রাজনৈতিক মতভেদ ভুলে নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ গড়ার সেই আহ্বান যেন হেমন্তের দুপুর পেরিয়ে ছড়িয়ে পড়ল সমগ্র বিরিশিরির জনপদে।


