বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো কমেছে। মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থার কাছাকাছি ফিরে আসায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সপ্তাহের শেষ কার্যদিবসে তেলের দাম কিছুটা বেড়েছে।
শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) লেনদেন শেষে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৯২ ডলার ৫৭ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭৭ সেন্ট বা শূন্য দশমিক ৯৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ৯৮ সেন্ট হয়েছে।
তবে এক দিনের এই মূল্যবৃদ্ধি সত্ত্বেও পুরো সপ্তাহের হিসাবে দুই ধরনের জ্বালানি তেলের দামই কমেছে। সপ্তাহজুড়ে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৫ শতাংশ কমেছে। এর মধ্য দিয়ে টানা তৃতীয় সপ্তাহের মতো দরপতনের ধারায় রয়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশা দাম কমার অন্যতম কারণ। হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন যুদ্ধ শুরুর আগের সময়ের কাছাকাছি পর্যায়ে ফিরে এসেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিও তুলনামূলকভাবে শক্তিশালী রয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার ইয়েমেনের হুথি আন্দোলনের পক্ষ থেকে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জেদ্দাসহ বিভিন্ন বন্দরের আশপাশে থাকা মানুষ ও জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটে।
এ ছাড়া হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইনে আঘাত পেয়ে আগুনে জ্বলছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের সদস্য দেশগুলোর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে ২০২৭ সালের জন্য তেল উৎপাদন নীতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উৎপাদন ও সরবরাহের ভবিষ্যৎ পরিকল্পনাও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওপর প্রভাব ফেলতে পারে।


