নারী-শিশু নির্যাতনে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) মামলা হাইকোর্টে দ্রুত নিষ্পত্তিতে নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে।
দেশের বিচারিক ইতিহাসে অল্প সময়ের মধ্যে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ নারী-শিশু নির্যাতনের ৩৮টি ডেথ রেফারেন্স মামলার রায় ঘোষণার করেছেন। এই বেঞ্চের বিচারিক কার্যক্রম চলমান রাখার পাশাপাশি উচ্চ আদালতের ডেথ রেফারেন্স মামলা জট কমাতে আরও কয়েকটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
ডেথ রেফারেন্স মামলা কি?
দেশের ফৌজদারি বিচারব্যবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ভাগ্য নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ‘ডেথ রেফারেন্স’ বা মৃত্যুদণ্ড অনুমোদন মামলা। প্রচলিত আইন অনুযায়ী দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বা দ্রুত বিচার ট্রাইব্যুনাল যখন কোনো আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন, তখন সেই সাজা কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী বিচারিক আদালত মৃত্যুদণ্ড ঘোষণা করলে মামলার যাবতীয় নথিপত্র হাইকোর্টে পাঠাতে হয়। হাইকোর্টে যেটি ‘ডেথ রেফারেন্স’ মামলা হিসেবে নথিভুক্ত হয়।
হাজারের অধিক ডেথ রেফারেন্স মামলা
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারাধীন ডেথ রেফারেন্স মামলার সর্বশেষ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত হাইকোর্টে বিচারাধীন ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলার সংখ্যা ১ হাজার ৩০১টি।
গত ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাসে হাইকোর্টে নিষ্পত্তি হয় মাত্র ১০টি ডেথ রেফারেন্স মামলা।
এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবীদের দেয়া তথ্য অনুযায়ী পর্যায়ক্রমে শুনানির ধারাবাহিকতায় এখন হাইকোর্টে ২০১৯-২০ সালে নথিভুক্ত ডেথ রেফারেন্স মামলাগুলোর শুনানি চলছে।
ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কারণ
ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার জন্য ‘পেপারবুক’ প্রস্তুতে দীর্ঘ সময় লাগা ও মামলা অনুপাতে ডেথ রেফারেন্স শুনানির বেঞ্চ কম থাকাকে অন্যতম কারণ বলে উল্লেখ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
এই আইনজীবী বাসস’কে বলেন, ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার ফলে কারাগারের কনডেম সেলে অনেক আসামি বছরের পর বছর বন্দী জীবন পার করেন। কিন্তু পরবর্তীতে অনেক ক্ষেত্রে দেখা যায় এই বন্দীদের কেউ কেউ হাইকোর্টের রায়ে খালাসও পান।
ডেথ রেফারেন্স মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে, অনেক আসামি কারাগারের কনডেম সেলের অনাকাঙ্ক্ষিত বন্দীদশা থেকে রেহাই পেতেন বলে উল্লেখ করেন তিনি।
ডেথ রেফারেন্স মামলার পেপার বুক কী?
ডেথ রেফারেন্স মামলার পেপার বুকে বিচারিক আদালতে মামলা শুরু থেকে রায় পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সংকলিত থাকে। যেখানে মামলার এজাহার (এফআইআর), অভিযোগপত্র (চার্জশিট), অভিযোগ গঠন, আদেশনামা, সুরতহাল প্রতিবেদন, জব্দ তালিকা, ঘটনাস্থলের খসড়া মানচিত্র, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক বা ডিএনএসহ অন্যান্য বিশেষজ্ঞ প্রতিবেদন থাকে।
এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মৃত্যুকালীন ঘোষণা, রাষ্ট্র ও আসামিপক্ষের সকল সাক্ষীর জবানবন্দি ও জেরা, ৩৪২ ধারায় আসামির বক্তব্য, আদালতে দাখিলকৃত দালিলিক সাক্ষ্য (প্রদর্শনী), বিচারিক আদালতের পূর্ণাঙ্গ রায় ও আসামিপক্ষের দায়ের করা আপিল বা জেল আপিলের নথি পেপার বুকে অন্তর্ভুক্ত থাকে। পেপার বুক মূলত সরকারি মুদ্রণালয় (বিজি প্রেসে) ছাপা হয়ে হাইকোর্টে শুনানির জন্য প্রস্তুত হয়।
ডেথ রেফারেন্স মামলার জট কমানোর উপায়
দেশের উচ্চ আদালতে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) মামলার জট প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বাসস’কে বলেন, এ কথা সত্য যে ডেথ রেফারেন্স মামলা শুনানির জন্য পেপার বুক তৈরি করতে সময় লাগে। কিন্তু সব কিছু প্রস্তুত হয়ে যখন আদালতে মামলা শুনানির জন্য আসে তখন তো মামলা নিষ্পত্তিতে বিলম্ব ঘটার কথা না।
এক্ষেত্রে ডেথ রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দণ্ডিত ব্যক্তির আইনজীবী ও রাষ্ট্রপক্ষকে দ্রুত মামলা নিষ্পত্তিতে আগ্রহী হতে হবে। সেই সাথে ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে বিচারকদের অনেক বেশি প্রোঅ্যাক্টিভলি রোল প্লে করতে হবে। সম্প্রতি অতি অল্প সময়ের মধ্যে হাইকোর্টের একটি বেঞ্চ নারী-শিশু নির্যাতনের ৩৮টি ডেথ রেফারেন্স মামলার রায় ঘোষণার করে দৃষ্টান্ত তৈরি করেছেন।
বিচারিক আদালতের কিছু বিচারকের গণহারে দেওয়া ফাঁসির রায়ের প্রসঙ্গ টেনে অ্যাটর্নি জেনারেল বলেন, নিম্ন আদালতের কিছু কিছু বিচারকের মধ্যে গণহারে ফাঁসি দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে। গণহারে দেয়া ফাঁসির রায় পরবর্তীতে হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলার সংখ্যা বাড়িয়ে মামলা জট তৈরি করে।
তিনি বলেন, ফেনীর নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনালের বিচারক। যেটাকে ‘মাইন্ডলেস সেন্টেন্স’ বলে উল্লেখ করেছেন হাইকোর্ট। অবশেষে হাইকোর্ট ওই বিচারককে ফৌজদারী মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।
অন্যদিকে সেন্টেন্সিং গাইডলাইনের প্রয়োজনীয়তা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, কোন একটা হত্যাকাণ্ডের অপরাধে ‘হোলসেল ফাঁসির রায়’ যাতে না হয়, সে জন্য ফৌজদারী মামলার বিচারে একটি সেন্টেন্সিং গাইডলাইন অবশ্যই থাকা দরকার। আমাদের কোন সেন্টেন্সিং গাইডলাইন নেই। সেন্টেন্সিং গাইডলাইন হলে বিচারিক বৈপরিত্ব দূর হবে এবং অনাকাঙ্ক্ষিত ডেথ রেফারেন্স মামলা জট কমবে।
৫টি হাইকোর্ট বেঞ্চে ডেথ রেফারেন্স শুনানি
সর্বশেষ গত ২৪ অক্টোবর ৫৭টি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে হাইকোর্টের ৫টি বেঞ্চে ডেথ রেফারেন্স মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে।
যে দণ্ড দিতে পারেন হাইকোর্ট
ফৌজদারি কার্যবিধির ৩৭৫ থেকে ৩৭৯ ধারায় ডেথ রেফারেন্স শুনানির প্রক্রিয়া ও ক্ষমতা বর্ণিত আছে। আইন অনুযায়ী হাইকোর্ট বিভাগ চাইলে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখতে পারেন। আবার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন বা অন্য কোনো দণ্ড দিতে পারেন কিংবা আসামিকে খালাস দিতে পারেন। এছাড়া হাইকোর্ট মামলাটি পুনঃতদন্ত বা নতুন করে বিচারের নির্দেশ দিতে পারেন।
বিশেষ হাইকোর্ট বেঞ্চে ৩৮টি রায়ের দৃষ্টান্ত
অগ্রাধিকার ভিত্তিতে নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল শুনানির জন্য গত ১০ জুন একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের এই বেঞ্চ গত ১৭ নভেম্বর পর্যন্ত ৩৮টি মামলার রায় ঘোষণা করেছেন। হাইকোর্টের এই বেঞ্চ ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর ১০ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে গত ২৪ আগস্ট রায় দেন।
অন্যদিকে, মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্ট গত ৩১ আগস্ট রায় ঘোষণা করেন।
এছাড়া রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে গত ১৭ নভেম্বর আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়ে রায় দিয়েছেন এই হাইকোর্ট বেঞ্চ।


