নিজস্ব প্রতিবেদক: চাকরি মানেই সোনার হরিণ, আর সেটি যদি হয় বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার সুযোগ- তবে তো কথাই নেই। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বুকে ধারণ করে দিনরাত ঘাম ঝরাচ্ছেন হাজারো তরুণ-তরুণী। অনেকের মনেই শঙ্কা থাকে- বিনা তদবিরে কি চাকরি মিলবে? চাকরিপ্রত্যাশী ও তাদের অভিভাবকদের এই চিরায়ত শঙ্কা দূর করে আশার বাণী শোনাল নেত্রকোনা জেলা পুলিশ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ধরনের অনিয়ম বা সুপারিশ নয়; কেবল মেধা, শারীরিক সক্ষমতা ও যোগ্যতাই হবে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের একমাত্র চাবিকাঠি।
আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ (অক্টোবর-২০২৬) পরীক্ষাকে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা পুলিশ প্রশাসন।
সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশাল কর্মযজ্ঞ। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এই তিন দিনে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই করা হবে। পুরো প্রক্রিয়াটি যেন অত্যন্ত সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় নেত্রকোনা পুলিশ লাইন্সে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে আয়োজিত দিক নির্দেশনামূলক সভায় সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। তিনি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তার কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। উপস্থিত সদস্যদের উদ্দেশে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, “আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে।”
তিনি স্মরণ করিয়ে দেন, দেশসেবার মহান ব্রতে কেবল শারীরিকভাবে উত্তম, মেধাবী ও প্রকৃত যোগ্যদেরই বাছাই করতে হবে। এই পবিত্র দায়িত্ব পালনে নিয়োজিত প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার প্রমাণ দিতে হবে। পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিটি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের নির্দেশ দেন পুলিশ সুপার।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার কোনো ঘাটতি যেন না থাকে, তা নিশ্চিত করতে বাইরের জেলা ও সদর দপ্তরের কর্মকর্তারাও যুক্ত হয়েছেন। ব্রিফিংয়ে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য ও ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আশরাফুল করিম, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিরা।
নেত্রকোনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিও ছিল এই আয়োজনে। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) সাহিদুর রহমানসহ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
পুলিশ প্রশাসনের এমন ইতিবাচক ও কঠোর অবস্থানে দারুণ স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ ও চাকরিপ্রত্যাশীদের পরিবারে। সমাজের সকল শ্রেণির মানুষ মনে করছেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রকৃত দেশপ্রেমিক তরুণেরা পুলিশ বাহিনীতে যুক্ত হলে আগামী দিনে তারা আরও মানবিক ও পেশাদারিত্বের সাথে দেশ ও জনগণের সেবা করতে পারবে। নেত্রকোনাবাসীর এখন প্রত্যাশা- স্বচ্ছতার দৃষ্টান্ত আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে মাইলফলক হয়ে থাকবে।


