রুহুল আমিন,স্টাফ রিপোর্টার(নীলফামারী)
শীতের তীব্রতা থেকে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে নীলফামারীর জলঢাকা উপজেলার ১০ নম্বর শৌলমারী ইউনিয়নে প্রায় ৪৫০ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) শৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রাকিবুল ইসলামের নেতৃত্বে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকার শীতার্ত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণকালে মাওলানা রাকিবুল ইসলাম বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতের এই সময়ে অনেক দরিদ্র মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট করেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে একটি মানবিক, সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে চাই।”
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের শুরুতে অসহায় মানুষের হাতে কম্বল পৌঁছে দেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।


