নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সালেঙ্গা গ্রাম। এই গ্রামেরই নিভৃতচারী যুবক সাদ্দাম হোসেন। সারাদিন রিকশার প্যাডেল ঘুরিয়ে কিংবা দর্জির কাজ করে যে মানুষটি অতি কষ্টে পরিবারের মুখে হাসি ফোটাতেন, তার রক্তাক্ত নিথর দেহ এখন শুধুই স্মৃতি। একটি নিরীহ প্রাণ অকালে ঝরে যাওয়ার ১৫ দিন পেরিয়ে গেলেও মূল ঘাতকরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। স্বামীহারা স্ত্রীর কান্না, পিতাহারা অবুঝ শিশুর শূন্যতা আর একমাত্র সন্তান হারানো বৃদ্ধ বাবার হাহাকারে আজ ভারী হয়ে উঠেছে কলমাকান্দার আকাশ-বাতাস।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পোগলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সালেঙ্গা গ্রামের সর্বস্তরের মানুষ পাবই বাজার-কলমাকান্দা সড়কে নেমে আসেন অভিন্ন এক দাবিতে- সাদ্দাম হত্যার বিচার। প্রখর রোদ উপেক্ষা করে নারী-পুরুষ ও শিশুদের দীর্ঘ সারি যখন ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে, তখন সেখানে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের।
সময়টা গত ৩০ অক্টোবর রাত। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম শেষে বাড়ি ফিরেছিলেন সাদ্দাম। বৃদ্ধ বাবা মো. আব্দুল হাশিমের সঙ্গে রাতের খাবার খেয়ে শরীরটা কিছুটা খারাপ লাগায় বিছানায় গা এলিয়ে দেন। কিন্তু সেই ঘুমই যে তার জীবনের শেষ শান্তির ঘুম হবে, তা কে জানত!
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশের চৌরাস্তার দোকানে পুরনো এক বিরোধ (গরু চুরি সংক্রান্ত) নিয়ে সাদ্দামের চাচাতো ভাইয়ের সঙ্গে প্রতিপক্ষের হট্টগোল শুরু হয়। চিৎকার শুনে পরিস্থিতি শান্ত করতে ও চাচাতো ভাইকে ফিরিয়ে আনতে খালি হাতেই ঘর থেকে বেরিয়ে যান সাদ্দাম। আর সেটাই কাল হলো তার।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে সেই ভয়াল মুহূর্তের কথা। সাদ্দাম সেখানে পৌঁছামাত্রই প্রতিপক্ষের লোকজন ইটপাটকেল ছুড়ে আশপাশের মানুষকে সরিয়ে দেয় এবং তাকে একা পেয়ে ঘিরে ফেলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত শাহিদ ও ছান মিয়া তার দুই হাত চেপে ধরে। এ সময় জামাল নামের এক ব্যক্তি লোহার রড, বল্লম ও দেশীয় অস্ত্র ‘তিন-কাট্টা’ দিয়ে তার বুকে ও শরীরে নির্মমভাবে আঘাত করে। রিয়াজ নামের আরেকজনের লাথিতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
রক্তাক্ত অবস্থায় চাচার পায়ের কাছে পড়ে থাকা সাদ্দামের শেষ কথা ছিল, “কাকু, আমারে মাইরা ফেলছে, জামালে ঘা দিছে আর হেরা দুইজনে ধইরা রাখছে।” এরপরই নিস্তেজ হয়ে পড়েন তিনি। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২২ বছর আগে স্ত্রীকে হারিয়ে সাদ্দামকে আঁকড়েই বেঁচে ছিলেন বৃদ্ধ বাবা আব্দুল হাশিম। একমাত্র সন্তানের শোকে তিনি এখন পাগলপ্রায়। মানববন্ধনে বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, “এই একটা মাত্র সন্তানের মুখের দিকে চাইয়া আমি আর বিয়া-শাদি করি নাই। ঘটনার রাইতে বাপ-পুত একসাথে ভাত খাইলাম। তারা আমার নিরীহ পুতটারে মাইরা ফেলল। আমার এক নাতি আর বউয়ের অহন কী হইব? আমার তো আর কেউ নাই। আমি এমপি সাহেব ও প্রশাসনের কাছে খুনিদের ফাঁসি চাই।”
বাবার আহাজারির পাশেই কোলের অবুঝ শিশুসন্তানকে জড়িয়ে ধরে কাঁদছিলেন সাদ্দামের স্ত্রী বৃষ্টি আক্তার। তার বিলাপ ছুঁয়ে যায় উপস্থিত সবার হৃদয়, “ঘর থেকে বাইর হইয়া রাস্তায় যাওয়ার পর তারা আমার কোলের মেয়েটার বুক খালি কইরা দিছে। আমার মেয়ে অহন কারে বাবা ডাকব? আমি আমার স্বামীর খুনিদের ফাঁসি চাই।”
বোন মোছা. শেফালী আক্তার বুক চাপড়ে বলছিলেন, “আমার ভাই তো কোনো দোষ করে নাই। ঝগড়া শুইনা খালি ফিরাইতে গেছিল। যেমনে আমার ভাইয়ের ঘর খালি করছে, আমি খুনিদের ফাঁসি চাই।”
হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পার হয়ে গেছে। গ্রামবাসীর চেষ্টায় তিনজনকে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হলেও এজাহারভুক্ত মূল আসামিরা, বিশেষ করে জামাল, শাহিদ ও ছান মিয়া এখনো অধরা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে স্থানীয় ইউপি সদস্য মো. কামাল মিয়া, নিহতের ভগ্নিপতি, চাচা, এবং এলাকাবাসী মো. কাদির মিয়া ও মো. আজিজ মিয়া তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, একজন নিরীহ রিকশাচালককে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যার পরও ১৫ দিনে পুলিশ মূল আসামিদের ধরতে পারেনি। থানায় গেলে ওসি সাহেব কেবল বলেন, “আমরা চেষ্টা করছি, লোক লাগিয়েছি।”
বিচারহীনতার দীর্ঘসূত্রতায় সালেঙ্গা গ্রামের সাধারণ মানুষের মনে এখন চরম নিরাপত্তাহীনতা ও হতাশা বিরাজ করছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি তথা মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ গ্রামবাসী।


