নিজস্ব প্রতিবেদক: সরকার পতন, নাশকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও একশো থেকে দেড়শো জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর ইসলাম হারুন মামলা রুজু ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে ১নং আসামি হিসেবে রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। ২নং আসামি হিসেবে রয়েছেন মোহনগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন। ৩নং আসামি করা হয়েছে মোহনগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবালকে। এজাহার অনুযায়ী, তারা প্রত্যেকেই বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় এবং সক্রিয় সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বর্তমান সরকারের পতন ঘটানো এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের উদ্দেশ্যে আসামিরা বিভিন্ন সময় নাশকতা সৃষ্টির চেষ্টা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর (সোমবার) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ থানাধীন কাজিহাটি সাকিনস্থ মডেল মসজিদের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর আসামিরা জড়ো হন।
এজাহারে অভিযোগ করা হয়, ১ থেকে ৩নং আসামিসহ পলাতক অন্যান্য শীর্ষ নেতাদের প্ররোচনা ও ষড়যন্ত্রে ৪ থেকে ৪৩নং আসামিসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জন ব্যক্তি মশাল মিছিল বের করেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলে অংশ নিয়ে সরকারি রাস্তা অবরোধ করেন। এ সময় তারা ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন এবং রাস্তার চলাচলকারী যানবাহনের ক্ষতিসাধনের চেষ্টা করেন।
বাদী এজাহারে উল্লেখ করেছেন, মূলত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট ও অবরোধ সফল করার লক্ষ্যে এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়।
মামলার বাদী মো. মাজাহারুল ইসলাম এজাহারের শেষাংশে লিপিবদ্ধ করেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে এসব কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা ও পরামর্শ করার কারণে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে তার কিছুটা বিলম্ব হয়েছে।
মামলার অগ্রগতি ও সার্বিক বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ঘ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। গত ১১ নভেম্বর দিবাগত রাত সাড়ে বারোটায় মামলাটি থানায় আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়। এই মামলায় এজাহারভুক্ত আসামি জুবায়েদ আহমেদকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাকে আদালতে চালান দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত জুবায়েদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী বলে পুলিশ নিশ্চিত করেছে।


