মোহাম্মদ ফজলুল করিম আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সমবায়ী প্রতিষ্ঠানকে সম্মাননা ও সনদপত্র প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মোমেন আলীর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও আটপাড়া ইউসিসি লিমিটেড ( বিআরডিবি) এর সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আল মোমিন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আমির খসরু স্বপন, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মাসুম খান , আটপাড়া উপজেলা বিএনপির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রকিব হোসেন সনজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহন চৌধুরী, সদস্য সচিব নূর মোহাম্মদ খান এবং বাংলাদেশ প্রেসক্লাবের আটপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবীবুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তানজিলা শারমিন দৃষ্টি বলেন, সমবায় কেবল অর্থ সঞ্চয় কিংবা ঋণ গ্রহণের মাধ্যম নয়; এটি মানুষের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির একটি কার্যকর সংগঠিত উদ্যোগ।
পারস্পরিক সহযোগিতা, ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সমবায় সমিতিগুলো স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ জন্য সমিতি গঠনের পাশাপাশি সদস্যদের মধ্যে আস্থা, দায়িত্ববোধ ও নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


