আন্তর্জাতিক ডেস্ক | The Mail BD
চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে নতুন প্রজন্মের নভোচারী নিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির পরবর্তী নভোচারী দল ভবিষ্যতে চাঁদের পৃষ্ঠে কাজ করা, সেখানে বসবাসের উপযোগী অবকাঠামো গড়ে তোলা এবং মঙ্গলগ্রহে মানব অভিযান পরিচালনার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত ৭ নভেম্বর নাসার পক্ষ থেকে নতুন নভোচারী নিয়োগের আবেদন গ্রহণ শুরুর ঘোষণা দেওয়া হয়। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানান, নির্বাচিত প্রার্থীদের কেউ চাঁদের মাটিতে হাঁটার সুযোগ পেতে পারেন, আবার কেউ চাঁদের ঘাঁটিতে বসবাস ও কাজ করার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ভবিষ্যৎ মঙ্গল অভিযানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও কার্যক্রম উন্নয়নেও তাঁরা যুক্ত থাকবেন।
নাসার এই নিয়োগ কার্যক্রম তাদের বহুল আলোচিত ‘আর্টেমিস’ কর্মসূচির অংশ। এই কর্মসূচির মাধ্যমে চাঁদে মানুষের উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি দীর্ঘমেয়াদে সেখানে স্থায়ী মানববসতি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। একই সঙ্গে ভবিষ্যতে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর পথও তৈরি করতে চায় নাসা।
আবেদনের যোগ্যতা কী?
নাসার প্রকাশিত নিয়োগসংক্রান্ত তথ্য অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল অথবা গণিত (STEM) বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ডক্টরাল পর্যায়ে অন্তত দুই বছরের পড়াশোনা, চিকিৎসাবিজ্ঞানের নির্ধারিত পেশাগত ডিগ্রি কিংবা স্বীকৃত টেস্ট পাইলট প্রশিক্ষণের যোগ্যতাও গ্রহণযোগ্য হবে।
প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। পাইলটদের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ উড়োজাহাজ পরিচালনার অভিজ্ঞতা দিয়ে এই শর্ত পূরণের সুযোগ রয়েছে। এ ছাড়া দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের উপযোগী শারীরিক সক্ষমতা, নেতৃত্ব, দলগত কাজ এবং যোগাযোগের দক্ষতাও যাচাই করবে নাসা।
আবেদনের শেষ সময় ও নির্বাচন প্রক্রিয়া
আগ্রহী ও যোগ্য মার্কিন নাগরিকেরা আগামী ৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। নাসার পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শেষ দিকে নতুন নভোচারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর তাঁদের প্রশিক্ষণ শুরু হবে।
উল্লেখ্য, ২০২৪ সালে সর্বশেষ নভোচারী নিয়োগের আবেদন গ্রহণ করেছিল নাসা। সে সময় ৮ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। বর্তমানে সংস্থাটির সক্রিয় নভোচারী দলের সদস্যসংখ্যা ৩২।
মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের পাশাপাশি চাঁদে দীর্ঘমেয়াদি মানব উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যেই নাসার এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


