বৃহস্পতিবার, নভেম্বর ৫

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উভয় পক্ষের উপস্থিতিতে পরিমাপ করে নির্ধারণ করা জমির সীমানা খুঁটি জোরপূর্বক উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার ৩ নভেম্বর ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের চট্টি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, চট্টি মৌজায় প্রদীপ কুমার সরকারের ক্রয়কৃত বসতবাড়ি, পুকুর ও বাগানবাড়ির কিছু অংশের সীমানা নির্ধারণের জন্য ৩ নভেম্বর সকালে উভয় পক্ষের উপস্থিতিতে জমি পরিমাপের উদ্যোগ নেওয়া হয়।

এ সময় প্রতিপক্ষ প্রবীর কুমার সরকার (প্রবল) ও তার ছেলে চয়ন সরকার এবং তাদের সাথে আসা লোকজন উপস্থিত ছিলেন। উভয় পক্ষের নিযুক্ত আমিনের মাধ্যমে সুষ্ঠুভাবে জমি পরিমাপ শেষে নির্দিষ্ট স্থানে বাঁশের খুঁটি স্থাপন করে সীমানা চিহ্নিত করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গ্রামের অনেকেই উপস্থিত ছিলেন। অভিযোগে প্রকাশ, পরিমাপ শেষ হওয়ার পর প্রদীপ কুমার সরকারের দুই ভাই নিজ কাজে সেখান থেকে চলে যান।

এর কিছুক্ষণ পরই প্রতিপক্ষ প্রবীর কুমার সরকার ও তার স্ত্রী মিলে সীমানায় পুঁতে রাখা বাঁশের খুঁটিগুলো জোরপূর্বক উপড়ে ফেলে দেন। এ সময় উপস্থিত ছোট ভাই লিটন কুমার সরকার তাদের বাধা দিলে তারা তা উপেক্ষা করে খুঁটিগুলো তুলে ফেলে। ভুক্তভোগীদের দাবি, ইতিপূর্বে প্রবীর কুমার সরকার এই বসতবাড়ি ও বাগানবাড়ির অংশটির বিনিময়ে তাদের অন্য ভালো আবাদি জমি দেওয়ার সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন।

তবে পরবর্তীতে তিনি নিজের দেওয়া কথা থেকে সরে আসেন এবং এলাকায় অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা শুরু করেন। এর আগেও উক্ত জমি নিয়ে প্রতিপক্ষ একটি মিথ্যা মামলা দায়ের করেছিলেন, যা পরবর্তীতে আদালতে খারিজ হয়ে যায়। ভুক্তভোগী পরিবার আরও জানায়, সীমানা নির্ধারণ ও খুঁটি উপড়ে ফেলার পর্যাপ্ত স্থিরচিত্র ও প্রমাণ তাদের কাছে সংরক্ষিত রয়েছে। প্রতিপক্ষের ধারাবাহিক এমন আচরণ ও হয়রানির কারণে এলাকায় সামাজিক শান্তি বিনষ্ট হচ্ছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য লিটন কুমার সরকার জানান, প্রবীর চন্দ্র সরকারের ছেলে পলাশ চন্দ্র সরকার পুলিশে কর্মরত। পলাশের নির্দেশে বাবা প্রবীর চন্দ্র সরকার ও তাঁর মাতা মঞ্জু রাণী দুজনে মিলে জোরপূর্বক সীমানা খুঁটি উপড়ে ফেলে দেয়। লিটন কুমার সরকার খুঁটি উত্তোলনে বাধা নিষেধ করলে তাকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো সহ প্রাণ নাশের হুমকি দেয়। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। জোরপূর্বক সীমানা খুঁটি উপড়ে ফেলার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে প্রবীর চন্দ্র সরকার জানান, জমিটি তাদের নিজস্ব সম্পত্তি। তাই খুঁটি উপড়ে ফেলেছেন। জমিটির মালিকানার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিরোধপূর্ণ জমিটি এজমালি হওয়ায় তাঁর বড় ভাই ভাতিজি ও ভাতিজি জামাই প্রদীপ কুমারের কাছে বিক্রি করে দেয়। জমিটি বাড়ির অংশ হওয়ায় জমিটি ফিরিয়ে দেয়ার জন্য তাদের সাথে আপোষের আলোচনা হয়। কোন পরিমাপ করা হয়নি। বিষয়টি নিয়ে প্রতিবেদকের সাথে পরে দেখা করবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version