নিজস্ব প্রতিবেদক: শীতের আগমনী বার্তার সঙ্গেই সীমান্তে বৃদ্ধি পেয়েছে চোরাকারবারিদের তৎপরতা। তবে সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নেত্রকোনা সীমান্তে পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে দুই লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪৮টি অবৈধ ভারতীয় কম্বল জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের তথ্যাদি নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল (সোমবার) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি অভিযান পরিচালিত হয়। একটি অভিযানে এদিন দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে। ৩১ বিজিবির বিজয়পুর বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)-এর একটি টহল দল সীমান্ত পিলার ১১৪৮ এমপি থেকে প্রায় চার গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘প্রেমবাজার’ নামক স্থানে অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৪০টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য দুই লাখ টাকা।
এর আগে একই দিন বিকেল ৪টার দিকে লেংগুড়া বিওপি’র টহল দল আরেকটি অভিযান পরিচালনা করে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১১৭০/৩-এস থেকে প্রায় তিন গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘টকলেটবাড়ী’ এলাকায় অভিযান চালানো হয়। সেখানেও মালিকবিহীন অবস্থায় আটটি ভারতীয় কম্বল জব্দ করেন বিজিবি সদস্যরা। জব্দকৃত কম্বলগুলোর সিজার মূল্য ধরা হয়েছে ৪০ হাজার টাকা।
৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, উভয় অভিযানে জব্দকৃত ৪৮টি ভারতীয় কম্বল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়ার আইনি কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে যে কোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।


