বুধবার, অক্টোবর ২৮

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় তৈরি মদ জব্দ করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ হাজার টাকা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাত পৌনে ১১টার দিকে দুর্গাপুর থানাধীন ৬ নম্বর কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল বাজার এলাকার মা-মণি বাস কাউন্টারের পার্শ্ববর্তী খালি জায়গা থেকে এসব মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানা সূত্রে জানা যায়, ওইদিন রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদের দিকনির্দেশনায় এসআই (নি.) রসুল সায়েদী আজাদ, এসআই (নি.) মোস্তাক আহমেদ এবং এএসআই (নি.) সাইফুল ইসলাম ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঝানজাইল বাজার এলাকায় অবৈধ মাদকদ্রব্য মজুদ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ দল ওই স্থানে অভিযান চালায়।

অভিযানকালে পুলিশ তল্লাশি চালিয়ে দুটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করে। প্রথম ব্যাগটি থেকে ১২ বোতল (প্রতিটি ৭৫০ মিলি) ভারতীয় তৈরি ‘এসি ব্ল্যাক’ ব্র্যান্ডের হুইস্কি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৩৬ হাজার টাকা। এছাড়া দ্বিতীয় ব্যাগ থেকে ১৮ বোতল (প্রতিটি ৩৭৫ মিলি) ‘আইস ভদকা’ উদ্ধার করা হয়, যার মূল্য ২৭ হাজার টাকা। জব্দকৃত ৩০ বোতল মদের বাজারমূল্য ৬৩ হাজার টাকা।

অভিযানের সময় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকের আলামতগুলো জব্দ করা হয় এবং রাতেই থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিক তদন্তে জব্দকৃত মাদকদ্রব্যের কোনো প্রকৃত মালিক বা দাবিদার পাওয়া যায়নি। তবে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version