ময়মনসিংহ, নান্দাইল প্রতিনিধি:
“মানবতার সেবায়, অসহায়দের পাশে” এবং “সেবায় নূর, মানবতায় অঙ্গীকার”—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রগতিশীল সামাজিক কল্যাণ সংস্থা নুরসেবা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে এক প্রশংসনীয় ও মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার আচারগাঁও ইউনিয়নের পুরহরি এলাকায় অবস্থিত নূরে মদিনা হিফজুল উলুম মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
(২৩ শে অক্টোবর রোজ শুক্রবার) জুম্মার নামাজের পর মাসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই কুরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরসেবা ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
পরে নূরে মদিনা হিফজুল উলুম মাদ্রাসার হাফেজ ও কওমি শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেন ফাউন্ডেশনের প্রতিনিধিরা। পবিত্র কুরআন হাতে পেয়ে আনন্দিত হয়ে ওঠে মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীরা। নুরসেবা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, “আমাদের এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই মানবতার কল্যাণে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে।
কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এবং কোমলমতি হাফেজে কোরআন শিক্ষার্থীদের পড়ালেখায় একটু সহযোগিতা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আমাদের এই সামাজিক ও কল্যাণমুখী কার্যক্রম আরও বেগবান হবে ইনশাআল্লাহ।” মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নুরসেবা ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়। তারা বলেন, দাতাদের এই পবিত্র উপহার শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় আরও বেশি মনযোগী ও উৎসাহী করে তুলবে। পরিশেষে, মাদ্রাসার উন্নতি এবং ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


