নিজস্ব প্রতিবেদক: সীমান্তবর্তী জনপদ নেত্রকোনার দুর্গাপুরের শান্ত গ্রাম বারমারী লক্ষ্মীপুর। বাহ্যিক দৃষ্টিতে আর দশটি সাধারণ বাড়ির মতো মনে হলেও, এই গ্রামেরই একটি বসতবাড়ির আড়ালে চলছিল মাদকের কারবার। অবশেষে গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎপরতায় সামনে এসেছে সেই চিত্র। বসতবাড়িতে অভিযান চালিয়ে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্যসহ (Eskuf/এসকাফ) মোছা. আমেনা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার (২৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম। এরআগে, এদিন বেলা ৩টা ২০ মিনিটে দুর্গাপুর থানার ২ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের বারমারী লক্ষ্মীপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমেনা খাতুনের স্বামী আবুল কালাম কৌশলে পালিয়ে যান।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, নেত্রকোনার পুলিশ সুপারের দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার (পশ্চিম) উপপরিদর্শক (এসআই) ইমন পাল ও এসআই মো. আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বারমারী লক্ষ্মীপুর গ্রামে আমেনা খাতুনের বসতবাড়িতে হানা দেয়।
এ সময় ঘর তল্লাশি করে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী মোছা. আমেনা খাতুনকে হাতেনাতে আটক করা হয়। তবে ডিবির দলটি বাড়িতে পৌঁছালে অপর অভিযুক্ত আবুল কালাম কৌশলে সটকে পড়েন।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আটককৃত নারী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।




