শনিবার, অক্টোবর ১০

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারি পানপুঞ্জি দুর্বৃত্তদের দ্বারা কেটে ফেলা পানগাছ ও ক্ষতিগ্রস্ত পানজুম পরিদর্শন করেছেন কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সাড়ে ৩টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপপরিদর্শক (এসআই) অলক বিহারী গুন ও মো. ফজলুল হক উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত খাসিয়া ও গারো পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন।

এ সময় তাঁরা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য সিলভেস্টার পাঠাং, নার্সারি পুঞ্জির মান্ত্রী (প্রধান) জনি পতামসহ ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের সদস্য ও স্থানীয় আদিবাসীরা। কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং বলেন, এ ঘটনার এক সপ্তাহ আগে দুর্বৃত্তরা সাহেব টিলা পুঞ্জিতে হামলা চালিয়ে পানগাছ কেটে ফেলেছিল।

এরপর গত ৩০ সেপ্টেম্বর রাতে নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কেটে ফেলা হয়। পুঞ্জির বাসিন্দারা মূলত পান চাষের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। এভাবে পানগাছ ধ্বংস হতে থাকলে তাঁরা সর্বস্বান্ত হয়ে পড়বেন। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে নার্সারি পানপুঞ্জিতে একদল দুর্বৃত্ত রাতের আঁধারে পানজুমে প্রবেশ করে ১০টি খাসিয়া ও গারো পরিবারের প্রায় ৯ হাজার পানগাছ কেটে ফেলে।

এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় পুঞ্জিবাসীর জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, নার্সারি পানপুঞ্জিতে পানগাছ কেটে ফেলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

আজও আমরা ক্ষতিগ্রস্ত পানপুঞ্জি পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কাজ করছে। অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version