শনিবার, অক্টোবর ১০

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগরে একটি ধর্মীয় অনুষ্ঠানে দ্বীনি প্রতিষ্ঠানের সহায়তায় মাত্র চারটি কমলা (এক হালি) নিলামে বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়! শুধু কমলা নয়, একই মাহফিলে আধা কেজি খেজুর বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। ব্যতিক্রমি এই ঘটনাটি ঘটেছে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে।

বুধবার (৭ই অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মাহফিলের শেষভাগে এ নিলাম পর্ব অনুষ্ঠিত হয়। মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদীস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী প্রকাশ্যে মাদ্রাসার অনুদানের জন্য ফলগুলো নিলামে তুলেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুরো ওয়াজ ও নিলাম পর্বটি সরাসরি সম্প্রচার(লাইভ)হচ্ছিল।

লাইভ চলাকালেই শুরু হয় দর হাঁকাহাঁকি। পাঁচ হাজার টাকা থেকে কমলার মূল্য ডাক শুরু হয়ে একপর্যায়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দর হেঁকে চারটি কমলা কিনে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মালিক রুকন। পরে তার পক্ষে ছেলে আব্দুল আজিজ সালমান ফলগুলো গ্রহণ করেন।

এছাড়া তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতির কথা চিন্তা করে প্রতি বছর আরও ৩৬ হাজার টাকা করে নিয়মিত অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন। মাহফিলে অংশ নেওয়া শ্রোতারা জানান, চড়া দামে ফল কেনার মূল উদ্দেশ্য ফল খাওয়া নয়; বরং দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি আর্থিক অবদান রাখা।

মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন জানান, দ্বীনি প্রতিষ্ঠানটি রক্ষায় শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ দিতে বিগত কয়েক বছর ধরেই মাহফিলে প্রতীকী ফল নিলামের আয়োজন করা হয়। এবারও প্রবাসী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের এমন অভূতপূর্ব সাড়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version