মনিরুজ্জামান খান গাইবান্ধা:
ডেঙ্গু মুক্ত সমাজ গড়ি, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি’—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা সদর উপজেলায় বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক।
অভিযানকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, প্রশাসনিক এলাকা ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো হয়।উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, “ডেঙ্গুর ঝুঁকি থেকে বাঁচতে বাড়িঘর, অফিস-আদালত ও চারপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি হতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।”তিনি আরও জানান, কেবল সরকারি উদ্যোগেই নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব। পরিচ্ছন্নতা বজায় রাখার এ সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।




