নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির আঙিনায় খেলতে খেলতে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে তায়েবা নামের ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের শিংকাটা গ্রামে হৃদয়বিদারক দুর্ঘটনা এ ঘটে। নিহত তায়েবা ওই গ্রামের বাসিন্দা মজিবর রহমানের আদরের কন্যা।
জানা যায়, রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে শিশুটি তার বাড়ির উঠানে আপন মনে খেলা করছিল। খেলার কোনো এক ফাঁকে পরিবারের সদস্যদের দৃষ্টির অগোচরে সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন এবং চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সকাল ১০টার দিকে শিশুটি খেলতে গিয়ে আকস্মিকভাবে পানিতে পড়ে যায় এবং পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার সন্দেহ বা অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করার পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন।




