চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান ড. মো. সাইমুম পারভেজ জাতিসংঘের মঞ্চে অভিন্ন পানিসম্পদের ন্যায্য ও যুক্তিসঙ্গত ব্যবহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পানি নিরাপত্তায় আন্তর্জাতিক অঙ্গীকারকে বাস্তব ও পরিমাপযোগ্য কার্যক্রমে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
২৪ সেপ্টেম্বর ২০২৬ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পার্শ্ববৈঠক হিসেবে আয়োজিত উচ্চপর্যায়ের এক বৈঠকে বক্তব্য দেন ড. সাইমুম পারভেজ। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বক্তব্যে ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান পানির চাহিদা এবং মিঠাপানির ওপর বাড়তে থাকা চাপ মোকাবিলায় পারস্পরিক আস্থা, স্বচ্ছ তথ্য বিনিময় ও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ঘনবসতিপূর্ণ বদ্বীপ দেশ হিসেবে বাংলাদেশ বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা, ভূগর্ভস্থ পানির ওপর বাড়তি চাপ এবং উপকূলীয় লবণাক্ততার মতো বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এসব সমস্যা মোকাবিলায় নদী, খাল ও নিষ্কাশনব্যবস্থা পুনরুদ্ধার, বন্যা ব্যবস্থাপনা জোরদার এবং প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অভিন্ন নদী ও ভূগর্ভস্থ পানির আধার ব্যবস্থাপনায় ন্যায্য ব্যবহার, নিয়মিত সংলাপ, সময়োপযোগী তথ্য বিনিময় এবং বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব দেন ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পানিপ্রবাহ ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। তাই পানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলোর মধ্যে সহযোগিতামূলক ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য অর্থায়ন, উপযুক্ত প্রযুক্তি এবং সহনশীল পানি অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে ড. সাইমুম পারভেজ বলেন, অভিন্ন পানিসম্পদের ন্যায্য ও যুক্তিসঙ্গত ব্যবহার, নিয়মিত সংলাপ এবং স্বচ্ছ তথ্য বিনিময়ের মাধ্যমে পানির চ্যালেঞ্জকে সম্মিলিত অগ্রগতিতে রূপ দিতে হবে। বক্তব্যের শেষে তিনি বলেন, একটি বদ্বীপ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার অভিজ্ঞতা বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে এবং জ্ঞান, অর্থায়ন ও প্রযুক্তির সমন্বয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। অভিন্ন পানির চ্যালেঞ্জকে সম্মিলিত অগ্রগতিতে রূপ দিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।


