গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকার নেতাকর্মী ও সাধারণ জনগণকে সাথে নিয়ে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় স্থানীয় তৃণমূল পর্যায় থেকে সমর্থন ও দলের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে তাঁর উদ্যোগে পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত পথসভা ও আলোচনায় জয়নাল আবেদীন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এলাকার উন্নয়ন এবং জনগণের নানা ভোগান্তির কথা তুলে ধরেন।
তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে রাজপথে বিএনপির মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছি। জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। দল যদি আমার বিগত দিনের ত্যাগ ও তৃণমূলের জনপ্রিয়তাকে বিবেচনা করে আমাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়, তবে আমি এই ইউনিয়নকে একটি মডেল ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।” পথসভায় উপস্থিত স্থানীয় বিএনপির প্রবীণ নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ ভোটাররা তাঁর বিগত দিনের ভূমিকা ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
বক্তারা জানান, এলাকায় জয়নাল আবেদীনের সামাজিক গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা রয়েছে, যা আসন্ন নির্বাচনে দলকে জয়ী করতে বড় ভূমিকা রাখবে। তৃণমূলের অধিকাংশই আশা প্রকাশ করেন, দল সঠিক মূল্যায়নের মাধ্যমে তাঁকে প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন প্রদান করবে। উক্ত পথসভা ও আলোচনা সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।




