গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ শাহিন সরকার (৩৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক শাহিন সরকার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগেরপাড়া গ্রামের বাসিন্দা। ডিএনসি সূত্র জানায়, গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নির্দেশনায় এবং পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেয়।
এ সময় সংকেত দিয়ে একটি নম্বরবিহীন কালো রঙের SUZUKI GIXXER SF 250 ABS মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে চালক শাহিন সরকারের পিঠে থাকা একটি ব্যাগে কসটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের পাশাপাশি ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি, একটি Redmi Note 15 স্মার্টফোন এবং একটি Symphony BL104 বাটন ফোন জব্দ করে আভিযানিক দলটি। গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


