বুধবার, সেপ্টেম্বর ২৩

জামালপুর প্রতিনিধি: নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তোলার পাশাপাশি নৈতিক মূল্যবোধে জাগ্রত করার প্রত্যয়ে জামালপুর মডেল আলিম মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও একটি আধুনিক আইসিটি ল্যাবের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান ও ল্যাবের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইসিটি ল্যাবের ফিতা কেটে উদ্বোধন করেন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

জামালপুর মডেল মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাত হোসেন মিলনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মোজাম্মেল হক এবং বকশীগঞ্জের কে.আর.আই কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুজ্জামান নুরীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, বর্তমান যুগে বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলতে হলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞানের কোনো বিকল্প নেই। তবে শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না; শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ইসলামের সঠিক নীতি-নৈতিকতা ও আদর্শের শিক্ষাও গভীরভাবে গ্রহণ করতে হবে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন ও প্রযুক্তি-নির্ভর আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর সমৃদ্ধ, বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ গঠনে কৃতি শিক্ষার্থীদেরই অগ্রণী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, ২০২৬ সালের মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের মধ্যে সর্বোচ্চ জিপিএ অর্জন করার অসামান্য গৌরব লাভ করেছে জামালপুর মডেল মাদ্রাসা। এ বছর স্বনামধন্য এই প্রতিষ্ঠান থেকে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বিভাগীয় পর্যায়ে এমন অভাবনীয় সাফল্যে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদ উচ্ছ্বাস প্রকাশ করেন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নতুন আইসিটি ল্যাব উদ্বোধন উপলক্ষে বুধবার সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version