বুধবার, সেপ্টেম্বর ১৬

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বুধবারের সকালটা অন্য দিনগুলোর মতো ছিল না। শ্রেণিকক্ষে থাকার কথা যাদের, সেই শিক্ষার্থীদের হাতে ছিল প্ল্যাকার্ড আর কণ্ঠে ছিল অধিকার আদায়ের স্লোগান। বিদ্যালয়ের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার, সুন্দর খেলার মাঠ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে স্থানীয় সচেতন নাগরিকরা। টানা এক ঘণ্টার মানববন্ধন, বিক্ষোভ মিছিল আর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাওয়ের মধ্য দিয়ে অভূতপূর্ব এক প্রতিবাদী দৃশ্যের অবতারণা হয় উপজেলা সদরে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের থানা মোড় থেকে চাঁনপুর মোড় পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে অংশ নেন অন্তত পাঁচ শতাধিক মানুষ। কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত ক্ষোভের কারণ মূলত ছয়টি। বক্তাদের কথায় স্পষ্ট হয়ে ওঠে দীর্ঘদিন ধরে জমে থাকা হতাশা। তারা জানান, বিদ্যালয়ের জমি অবৈধভাবে দখল হয়ে যাওয়া এবং খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

আন্দোলনকারীদের সুনির্দিষ্ট ছয় দফা দাবির মধ্যে রয়েছে- অবৈধ দখলে থাকা বিদ্যালয়ের জমি দ্রুত উদ্ধার করে হস্তান্তর। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিত করা। ভবিষ্যতের অবকাঠামো বা বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ। বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় সীমানাপ্রাচীর নির্মাণ ও আইনি সুরক্ষা প্রদান। আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরি। এবং সরকারি খাসজমি ও নদীর চর দখল করে গড়ে ওঠা মিল-কারখানার দূষণ বন্ধ করা।

দাবি আদায়ের এই কর্মসূচি কেবল মানববন্ধনেই সীমাবদ্ধ থাকেনি। ক্ষুব্ধ শিক্ষার্থীরা একপর্যায়ে বিক্ষোভ মিছিল নিয়ে সরাসরি হাজির হন ইউএনও কার্যালয়ের সামনে। সেখানে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলেন চারপাশ; প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের কণ্ঠে একপর্যায়ে ইউএনও’র বদলির দাবিও উঠে আসে।

পরিস্থিতি সামাল দিতে কার্যালয় থেকে বেরিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আব্দুল্লাহ আল মামুন। তিনি আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড়িয়ে তাদের ক্ষোভ ও দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন। পরিস্থিতি শান্ত করতে তিনি আশ্বাস দিয়ে বলেন, “সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আপনাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

উল্লেখ্য, ঠিক এক মাস আগে, গত ১৬ আগস্ট একই দাবিতে পথে নেমেছিলেন কলমাকান্দার শিক্ষক-শিক্ষার্থীরা। এক মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া আজ (বুধবার) ফের এমন কর্মসূচির ডাক দেওয়া হয়।

আন্দোলনকারী ও স্থানীয়দের একটাই কথা- শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের স্বার্থে আর কোনো কালক্ষেপণ নয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি রক্ষায় প্রশাসনকে দ্রুত ও কার্যকর আইনি উদ্যোগ নিতে হবে। কলমাকান্দাবাসীর এমন ঐক্যবদ্ধ অবস্থান এখন কেবল প্রতিশ্রুতির বাস্তব রূপ দেখার অপেক্ষায়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version