নিজস্ব প্রতিবেদ: সীমান্তের চোরাপথ দিয়ে মাদকের অনুপ্রবেশ রুখতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছেন বিজিবি সদস্যরা। তবে বাহিনীর উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলেই পালিয়ে গেছে চোরাকারবারিরা। ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ফান্দা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সূত্র জানায়, দুর্গাপুর সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে- এমন গোপন গোয়েন্দা তথ্য আগে থেকেই ছিল বাহিনীর কাছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বারমারী বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) ছয় সদস্যের একটি টহল দল নজরদারি বাড়ায়। তারা সীমান্ত পিলার ১১৬২/৩-এস থেকে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের ভেতরে ফান্দা নামক স্থানে কৌশলগত অবস্থান নেন।
দুপুরের দিকে সন্দেহভাজন পরিস্থিতি ও চোরাকারবারিদের আনাগোনা টের পেয়ে বিজিবি সদস্যরা অভিযান শুরু করেন। একপর্যায়ে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে এবং ধাওয়া খেয়ে পাচারকারীরা নিজেদের সাথে থাকা মাদকের চালান ও যানবাহন ফেলেই দ্রুত সটকে পড়ে। পরে টহল দলটি ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাচারের উদ্দেশ্যে আনা ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। একই সাথে চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি ইজিবাইক ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
এই অভিযানের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বাহিনীর সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন।
উদ্ধারকৃত ভারতীয় মদ এবং জব্দকৃত যানবাহনগুলোর বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে (ডিএনসি) হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।


