ফজলে এলাহী মাকাম: জামালপুর শহরের সরদারপাড়া এলাকায় ১৮ বছরের পুরনো বৈধ রাস্তা দখল করে জোরপূর্বক ইটের দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে রেজাউল করিম রব্বানী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এর ফলে ‘নতুন কুঁড়ি’ নামের স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ আশপাশের বেশ কয়েকটি পরিবারের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অবৈধ এই দেয়াল নির্মাণে বাধা দিতে গিয়ে প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন ভুক্তভোগী। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও দেয়াল অপসারণ চেয়ে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সদর থানায় দায়ের করা জিডি ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, জামালপুর শহরের সিংহজানি মৌজায় (সিএস নং ১৫৪৯, আরএস নং ১১৩৩, বিআরএস খতিয়ান ৫৩৬ ও ৩৪৯২ দাগ) মৃত মুজিবুর রহমানের মেয়ে মনোয়ারা বেগম পৈতৃক সূত্রে ২৮ শতাংশ জমি পান। পরে তিনি ওই জমি তার দুই ছেলে মাহির ভূঁইয়া ও সাকিফ ভূঁইয়াকে লিখে দেন। এই জমির যাতায়াতের সুবিধার্থে ১৮ বছর আগে ৩ শতাংশ জমি রাস্তার জন্য রেজিস্ট্রি করা হয়। গত ২৭ আগস্ট বিকেলে মনোয়ারা বেগমের ভাই (মৃত মুজিবুর রহমানের ছেলে) রেজাউল করিম রব্বানী ও তার সহযোগীরা সম্পূর্ণ বেআইনিভাবে ওই ৩ শতাংশ রাস্তার জমি দখল করে ইটের দেয়াল তুলে দেন।
চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন আশপাশের জমির মালিকেরা। রাস্তাটি দিয়ে মমতাজ জাহান মায়ার ২৯.৫০ শতাংশ, মশিউর রহমানের ৩৯ শতাংশ এবং খালেদা বেগমের ৩.৫০ শতাংশ জমিতে যাতায়াত করা হতো। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে মমতাজ জাহানের জমিতে অবস্থিত ‘নতুন কুঁড়ি’ স্কুলের প্রায় ৫০০ থেকে ৬০০ কোমলমতি শিক্ষার্থী। দেয়াল নির্মাণের ফলে তাদের স্কুলে যাওয়ার পথটি পুরোপুরি রুদ্ধ হয়ে গেছে, এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ও শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
জানা গেছে, রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের সময় মৃত মুজিবুর রহমানের বড় জামাতা মো. শহিদুল হাসান ভূঁইয়া (মনোয়ারা বেগমের স্বামী) বাধা দিতে যান। এ সময় তার শ্যালক অভিযুক্ত রেজাউল করিম রব্বানী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং রাস্তা বন্ধের কাজে বাধা দিলে প্রাণনাশের হুমকি দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় রুহুল আমিন তুষার (মৃত আব্দুস সালামের ছেলে) এবং আজিজুল ইসলাম (আনারুল ইসলামের ছেলে) এগিয়ে এসে শহিদুল হাসান ভূঁইয়াকে উদ্ধার করেন।
বর্তমানে অভিযুক্ত রেজাউল করিম রব্বানীর অব্যাহত হুমকি-ধামকিতে মো. শহিদুল হাসান ভূঁইয়ার পরিবারসহ ওই রাস্তায় চলাচলরত অনেকেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নতুন কুঁড়ি স্কুলের শিক্ষার্থীদের শিক্ষাজীবন স্বাভাবিক রাখতে এবং এলাকাবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অবিলম্বে ওই অবৈধ দেয়াল ভেঙে ফেলার দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলো তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।


