নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোহালাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক ও সাজা প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- পূর্বধলা থানাধীন গোহালাকান্দা গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. তারা মিয়া (৪০) এবং একই এলাকার আবুল কালাম তালুকদারের ছেলে মো. আবু তাহের (২১)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল গোহালাকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. তারা মিয়ার নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে তারা মিয়া ও আবু তাহেরকে হাতেনাতে আটক করেন অধিদপ্তরের কর্মকর্তারা।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
আটককৃত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং আসামিরা নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদেরকে দোষী সাব্যস্ত করেন।
রায়ে উভয় আসামির প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একশো টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয় সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এমন জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এদিকে, রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত ওই দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।



