নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, “শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করতে চাইলে করতে পারবেন। তবে উনার ব্যাপারে আইন নিজস্ব গতিতে চলবে। যেমন আমার ব্যাপারে চলেছে, সকলের ক্ষেত্রেই আইন তার নিজস্ব গতিতে চলবে।”

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি সাড়ে ১৭ বছর জেলে ছিলাম। আমাকে অন্যায়ভাবে, মিথ্যার ওপর ভিত্তি করে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি যদি দেশে আসতে চান এবং বিচারের মুখোমুখি হন, তবে আমি তাকে সাধুবাদ জানাব।”

বিগত সরকারের সময় তার উপর হওয়া অন্যায়ের কথা স্মরণ করে লুৎফুজ্জামান বাবর বলেন, তার বিচার হয়েছিল সম্পূর্ণ অন্যায় ও মিথ্যার ওপর ভিত্তি করে।

অন্যদিকে, শেখ হাসিনার প্রসঙ্গে তিনি আরও বলেন, “তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর বিষয়ে জাতিসংঘ বর্তমানে তদন্ত করছে। তিনি বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হয়ে বিচারের রায় মেনে নেবেন, দেশের মানুষ সেটাই প্রত্যাশা করে।”

এর আগে তিনি জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। তিনি নিজ হাতে কলেজ প্রাঙ্গণে একটি চারা গাছ রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং উপস্থিত ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন সুলতানা, পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হুমায়ুন মিয়া।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূবালী ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version