জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সদ্য ঘোষিত স্কেল ভেটিং নীতিমালার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি তুলেছেন জেলার বিএডিসি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর শহরের বন্দেরবাড়ি বিএডিসি বীজ উৎপাদন কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিএডিসি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে জেলার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় দাপ্তরিক কার্যক্রম বন্ধ রেখে তারা তাদের দাবি আদায়ে সোচ্চার হন।

অবস্থান কর্মসূচি চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএডিসি কন্ট্রাক্ট গ্রোয়ার্স (জামালপুর) এর উপ-পরিচালক সঞ্জয় রায়, উপ-সহকারী পরিচালক মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মেহেদী আল বাকী এবং সহকারী হিসাব রক্ষক হেবায়দুল্লাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অর্থ মন্ত্রণালয় সম্প্রতি যে স্কেল ভেটিং ঘোষণা করেছে, তার মাধ্যমে বিএডিসি’র বিভিন্ন পদের অন্যায়ভাবে অবনমন করা হয়েছে। শুধু তাই নয়, নিম্নস্তরের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ সম্পূর্ণ অবলুপ্ত করা হয়েছে, যা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করবে।

বক্তারা আরও জানান, দীর্ঘদিনের অর্জিত সুযোগ-সুবিধা ও পদের আকস্মিক অবনমন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এটি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চরম হতাশা ও অসন্তোষের সৃষ্টি করেছে। তারা অবিলম্বে বৈষম্যমূলক স্কেল ভেটিং বাতিল করে পূর্বের নিয়মে এবং মর্যাদায় চাকরি করার নিশ্চয়তা দাবি করেন। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আনন্দোলনের হুঁশিয়ারি দেন উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচি চলাকালে বন্দেরবাড়ি বিএডিসি প্রাঙ্গণে শত শত কর্মচারীর উপস্থিতিতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কর্মসূচিটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version