কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাক ও অটোরিকশার মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর বাজারসংলগ্ন চান্দপাড়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দলন গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ও অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৩৮) এবং আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লিজা আক্তারের স্বামী বাবু মিয়া বিডিআরে (বর্তমানে বিজিবি) কর্মরত রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কেন্দুয়া-নেত্রকোনা সড়কে যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের মাত্রা এতই তীব্র ছিল যে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ওয়াজেদ ও যাত্রী লিজা মারা যান।
পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত শিশুসহ তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার পর ওই এলাকায় স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কেন্দুয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজে অংশ নেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, “দুর্ঘটনায় দুজনের মৃত্যু ও শিশুসহ তিনজনের আহত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। নিহতদের মরদেহ প্রাথমিকভাবে থানায় নিয়ে আসা হবে। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।”


