নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে ইউসুফ হাসান নওশাদ নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত নওশাদ ওই গ্রামের কৃষক মেহেদী হাসানের ছোট ছেলে। অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশু নওশাদের বাবা মেহেদী হাসান কৃষিকাজের জন্য বাড়ির বাইরে যান। এদিকে তার মা ঘরের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গেই খেলা করছিল শিশু নওশাদ। দীর্ঘ সময় পার হওয়ার পরও ছেলেকে দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। ঘরের আশেপাশে কোথাও না পেয়ে তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরাও ছুটে আসেন এবং সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালাতে থাকেন।
একপর্যায়ে বাড়ির পূর্ব পাশের পুকুরে শিশুটি পড়ে যেতে পারে বলে সন্দেহ হয় স্বজনদের। পরে কয়েকজন মিলে ওই পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির চাচার পায়ে পানির নিচে কিছু একটা আটকে যায়। পরে সেখান থেকেই ডুবন্ত অবস্থায় নওশাদের নিথর দেহ উদ্ধার করা হয়। স্বজনরা দ্রুত তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিবরণ দিয়ে শিশুটির স্বজন মিজানুর রহমান বলেন, “আমি তখন ধানক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ তাদের বাড়ি থেকে কান্নাকাটি ও চিৎকারের শব্দ শুনে দৌড়ে যাই। গিয়ে জানতে পারি নওশাদকে পাওয়া যাচ্ছে না। পরে আমরা সবাই মিলে পুকুরে নেমে খুঁজতে শুরু করি এবং সেখানেই পানির নিচ থেকে নওশাদকে উদ্ধার করি।”
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, “শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পরপরই আমরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করি। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছিল, আমরা তাকে মৃত অবস্থাতেই পেয়েছি।”
আইনি প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবরটি আমরা পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হবে।”


